মালদা জেলার আইহো ব্রিজ মেরামতির কাজে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে মঙ্গলবার পথে নামলেন হবিবপুর ব্লক বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। মালদা–নালাগোলা রাজ্য সড়কের উপর অবস্থিত এই গুরুত্বপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন বহু মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু মেরামতির কাজ সময়মতো শেষ না হওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছেন বলে দাবি আন্দোলনকারীদের।
এদিন সকালে আইহো ব্রিজের কাছেই জড়ো হন সংগঠনের সদস্যরা। সেখান থেকে তারা রাজ্য সড়ক ধরে মিছিল করেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা দ্রুত কাজ শেষ করার দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ চললেও অগ্রগতি খুবই কম। তার উপর ভারী যান চলাচল বন্ধ থাকায় নির্মাণ সামগ্রী পরিবহণে সমস্যা হচ্ছে। ফলে বহু নির্মাণ কাজ আটকে রয়েছে।
আন্দোলনকারীদের আরও দাবি, সম্পূর্ণ কাজ শেষ না হলেও অন্তত হালকা যান চলাচলের অনুমতি দেওয়া হোক, যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পান। মিছিল ও বিক্ষোভে নেতৃত্ব দেন হবিবপুর ব্লক বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অঞ্জন সিংহ এবং সভাপতি বরুণ সিংহ। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরাও।
বিক্ষোভকারীরা জানান, প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে। দ্রুত সমস্যা সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তাঁরা। এই আন্দোলনের জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় বলে জানা যায়।


