২০ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের আলিগড় জেলার লোধা ব্লকের বুলাকঘরী গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে। ইমাম মুস্তাকিম নামক এক ব্যক্তি তার বাড়ি ফিরছিলেন সাইকেলে করে, তখন কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার উপর হামলা চালায়। অভিযোগ, তাকে ‘জয় শ্রী রাম’ বলার জন্য জোর করা হয় কিন্তু তিনি বলতে অস্বীকার করলে তাকে বেধড়ক মারধর করা হয়। ইমাম মুস্তাকিম জানিয়েছেন, ‘‘কয়েকদিন ধরেই কয়েকজন আমাকে উত্ত্যক্ত করছিল। ওইদিন রাস্তার মাঝে সাইকেল থামিয়ে বলল, ‘জয় শ্রী রাম’ বল। আমি রাজি হইনি। তখনই তারা লাঠি নিয়ে আমাকে মারতে শুরু করে। প্রায় আধঘণ্টা ধরে মার খেয়েছি। এমনকি তারা হুমকি দিচ্ছিল, “এখানেই পুঁতে ফেলো।’’
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে এবং তিনি এখনো চিকিৎসাধীন। ইমামের পরিবারের অভিযোগ, এই ধরনের ঘটনা নতুন নয়। আগেও হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু শান্তির কথা ভেবে মুস্তাকিম কোনও অভিযোগ জানাননি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং এফআইআর দায়ের করা হয়েছে। তবে আলিগড় শহরের অতিরিক্ত পুলিশ সুপার মৃগাঙ্ক শেখর সাংবাদিকদের জানায়, ‘‘এই ঘটনায় ধর্মীয় কোনও দৃষ্টিভঙ্গি পাওয়া যায়নি। এটি সাধারণ মারপিটের ঘটনা।’’ তবে স্থানীয় মুসলিম সমাজ এই ঘটনাকে ধর্মীয় বিদ্বেষমূলক ঘটনা হিসেবেই দেখছে। মানবাধিকার কর্মীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি তুলেছেন।

