আলিপুর চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। সূত্র পারফত জানাচ্ছে, চিড়িয়াখানার রেকর্ড অনুযায়ী ১৯৯৬ সালে যেখানে ১,৮৭২টি প্রাণী ছিল, এখন তা নেমে এসেছে মাত্র ৩৭২-এ। এখন সবচেয়ে বড় প্রশ্ন প্রাণীগুলি গেল কোথায়? এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে ‘স্বাধীন’ নামক একটি সংগঠন। তাদের অভিযোগ, গত ৩০ বছর ধরে এই গরমিল চলছে। আদালতের কাছে তাদের দাবি, অন্তত গত ১০ বছরের হিসেব খতিয়ে দেখা হোক।
বিরোধীদের দাবি, সরকারকে জবাব দিতেই হবে। এক বছরে হঠাৎ করে ৩০০-রও বেশি পশু কোথায় গেল? কোনও তথ্য নেই, নথি নেই। এই পশুগুলোকে কি অন্য কোথাও পাঠানো হয়েছে, না কি বিক্রি হয়ে গেছে?” চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বনদফতর অবশ্য জানিয়েছে, এটি আসলে গণনার ভুল। তবে বিরোধীরা তা মানতে নারাজ। অনেক গুরুত্বপূর্ণ প্রাণী যেমন হাতি, জিরাফ—তালিকাতেই নেই বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই চাইছেন, বিষয়টি স্বচ্ছভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আলিপুর চিড়িয়াখানার ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে।


