দীঘায় ‘অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট’-এর রাজ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে রাজ্যের ইমাম-মুয়াজ্জিনরা তাদের ভাতা বৃদ্ধি এবং অন্যান্য দাবি পূরণের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। তবে এখনও পর্যন্ত তাদের কোনো দাবি পূরণ হয়নি বলে অভিযোগ করা হয়েছে। সংগঠনের নেতৃত্ব জানিয়েছে, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি না হওয়ায় ২৫ নভেম্বর কলকাতার রানী রাসমণি রোডে একটি প্রতিবাদ সমাবেশ হবে। সেই সমাবেশ সফল করতে সংগঠন সদস্য সংগ্রহ অভিযানও শুরু করেছে। সংগঠন ১৫ বার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েও ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো সাড়া পাননি।
সম্মেলনে দীঘায় মসজিদ নির্মাণের জন্য সরকারি জমি প্রদান বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানা যায়। ওয়াকফ আইন এবং ভাতা বৃদ্ধির অভাবের কারণে ইমামদের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। একাধিক বক্তব্যে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা শোনা গেছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কম হওয়া এবং সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ার বিষয়গুলো নিয়ে অভিযোগ উঠেছে। অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস বলেন, “ভাতা বৃদ্ধি, পরিচয়পত্র প্রদান, আবাস যোজনা, এবং শিক্ষা ক্ষেত্রে সুযোগসহ বহু দাবি রয়েছে।” এছাড়া, বাংলায় সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা ও বাঙালিদের উপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধেও সংগঠন সক্রিয় রয়েছে।


