মালদার হরিশ্চন্দ্রপুরের খোকরা এলাকার দারুল উলুম মাদ্রাসায় সোমবার জেলা জমিয়তে উলামা হিন্দের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে হিন্দের সহ-সভাপতি মাওলানা সৈয়দ আসজাদ মাদানি। তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হিংসা বাড়ছে তা উদ্বেগজনক বিষয়।
মাওলানা আসজাদ মাদানি আরও বলেন, মহান নবী মুহাম্মদ (সা.) সবার হৃদয়ে বাস করেন। ‘আই লাভ মুহাম্মদ’ লেখা নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ মুসলিম সম্প্রদায়ের ওপর যে অত্যাচার করছে তা সংবিধানের বিরুদ্ধে এবং জমিয়ত এই ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়েছে।
ঝাড়খণ্ড জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দীন কাসেমী বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে সবাইকে নিয়ম মেনে কাজ করতে হবে। দেশের বিভিন্ন রাজ্যে মুসলিম সম্প্রদায়ের নথি সংশোধনে জমিয়তের বড় ভূমিকা থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাওলানা কারী শামসুদ্দীন আহমদ কাসেমী বলেন, দেশে আজ অস্থিরতা বিরাজ করছে। সংখ্যালঘুদের ধর্মের নামে নির্যাতন হচ্ছে, তাই সবাইকে একত্রিত হয়ে দেশের স্বার্থে লড়াই করতে হবে। সভায় জেলা জমিয়তের সভাপতি মাওলানা ডা. আবুল কাশেম, সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, সহ-সম্পাদক মাওলানা মোক্তার কাসেমী সহ অনেক মাওলানা উপস্থিত ছিলেন। এই কর্মীসভায় সকলেই একত্রিত হয়ে শান্তি ও ঐক্যের বার্তা দেন।


