অসমে ধুবরি জেলার তিনটি রাজস্ব গ্রাম থেকে প্রায় ১,৪০০ বাংলাভাষী মুসলিম পরিবারকে উচ্ছেদ করল অসম সরকার। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে মোট ৩,৫০০ বিঘা জমি খালি করা হয়েছে। যেখানে ৩,২০০ মেগাওয়াটের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। চরুয়াবাখরা, সন্তোষপুর এবং চিরকুটা পার্ট ১ , এই তিনটি গ্রামে এই উচ্ছেদ অভিযান চালানো হয় এবং উচ্ছেদ অভিযানের দায়িত্বে রয়েছে অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ হওয়া বাঙালি মুসলিম পরিবারগুললির বেশিরভাগই ৩০-৪০ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছিল। তারা মূলত নদীভাঙনে ঘর হারিয়ে এখানে আশ্রয় নিয়েছিল। সোমবার থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং মঙ্গলবার সকালে একাধিক বুলডোজার নিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।


