অসমের গোয়ালপাড়া জেলার পাইকান এলাকায় রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। বিদ্যাপাড়া ও আশুডুবি গ্রামের প্রায় ৫ হাজার বাসিন্দাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার। জানা গিয়েছে গত শনিবার বুলডোজার চালিয়ে এই অঞ্চল থেকে গরিব মানুষের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এদিকে সোমবার থেকে টানা বৃষ্টিতে দুর্দশা আরও বেড়েছে। মাথার উপর ছাদ নেই, খাবার নেই, জল নেই। শিশু, বৃদ্ধ ও মহিলারা ভিজে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন এমনটাই জানা গিয়েছে। অনেকেই রাস্তার ধারে ত্রিপাল টাঙিয়ে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ সেই ত্রিপাল পর্যন্ত ছিঁড়ে নিয়ে যায়।
পুলিশের এই অমানবিক ব্যবহারে শোকাহত স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে, তাদের উপর লাঠিচার্জ চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অসুস্থ হয়ে পড়ছেন বহু শিশু ও বৃদ্ধ। অভিযোগ উঠেছে, ধুবড়ি ও গোয়ালপাড়া জেলার খনি ও জমি কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া এই অঞ্চলে আকরিক লোহার বিশাল ভাণ্ডারের সন্ধান পায়। সেই খনি দখল করতে চায় আদানি গোষ্ঠী, এমনই আশঙ্কা করছেন অনেকে।


