অসমের বিভিন্ন জেলায় গত কয়েক মাস ধরে ব্যাপক উচ্ছেদ অভিযান চালাচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। শুধু গোয়ালপাড়া জেলার পাইকান এলাকাতেই গত শনিবার বুলডোজার চালিয়ে বিদ্যাপাড়া ও আশুডুবি গ্রামের প্রায় ৫ হাজার মানুষকে উচ্ছেদ করা হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জামাআতে ইসলামী হিন্দ। জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের সহ-সভাপতি মালিক মোতাসিম খান এক বিবৃতিতে বলেন, চলতি বছরের জুন-জুলাই মাসে শুধু গোয়ালপাড়াতেই প্রায় ৪০০০টি বাড়ি ভেঙে ফেলা হয়েছে।
এর আগেও পঞ্চরত্ন, কুর্শাপাখরি, বান্দরমাঠা ও গৌরনগর এলাকায় একই রকম উচ্ছেদ অভিযান চালানো হয়। তিনি আরও জানান, গোয়ালপাড়া, ধুবড়ি ও নলবাড়ি জেলা মিলিয়ে প্রায় ৮০০০টির বেশি পরিবার এই উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বাড়ি নয়, ধর্মীয় স্থানও রক্ষা পায়নি এই উচ্ছেদ অভিযানে। জানা গিয়েছে, অন্তত ২০টি মসজিদ, ৪০টি মক্তব ও একাধিক ঈদগাহ ভেঙে দিয়েছে অসম সরকার।


