কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরে এবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়েও ওবিসি মুসলিম পড়ুয়াদের বঞ্চনার অভিযোগ উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ভর্তির তালিকায় দেখা গেছে, মোট ৮টি বিষয় অর্থাৎ জার্নালিজম, দর্শন, অঙ্ক, ভূগোল, বাংলা, ফিজিক্স, জিওইনফরমেটিক্স এবং ইতিহাসের মধ্যে ওবিসি-‘এ’ কোটায় কোনো মুসলিম ছাত্রছাত্রী নেই। এই ঘটনাকে কেন্দ্র করে বহু আবেদনকারী ও ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ, যারা সমাজে পিছিয়ে আছেন, সেই ওবিসি মুসলিম শ্রেণির ছাত্রছাত্রীদের আর এক ধাপ পিছিয়ে দেওয়া হচ্ছে। তাদের কথায়, সংরক্ষণের সুযোগটাই যদি না দেওয়া হয়, তাহলে কীভাবে তারা শিক্ষার মূল স্রোতে আসবে। তারা আরও দাবি করেছেন, সংরক্ষণের নিয়ম অনুযায়ী সুযোগ পেলে বহু মেধাবী ছাত্রছাত্রী সামনে আসতে পারত কিন্তু এখন সেই সুযোগটুকুও কেড়ে নেওয়া হচ্ছে।
যদিও এই প্রসঙ্গে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রূপকুমার বর্মন সংবাদমাধ্যমকে জানান, ওবিসি তালিকা তৈরি হয়েছে সরকারি নিয়ম ও গেজেট অনুযায়ী। তিনি জানান, কিছু বিষয়ের জন্য যেমন জার্নালিজমে ৪৫টি আসন খালি রয়েছে। ফিজিক্স, লাইব্রেরি সায়েন্স-সহ কিছু বিষয়ে কোনও মুসলিম আবেদনকারীই ছিল না। বর্তমান পরিস্থিতি এবং উপাচার্যের বক্তব্য মধ্যে একটি বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা।


