বারাসাতে ধর্মীয় পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল দু’দিনের কেরাত সম্মেলন ও দস্তারবন্দি অনুষ্ঠান। সম্প্রতি বারাসাতের সিথিবড়া এলাকার মাদ্রাসা জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহর উদ্যোগে এই ধর্মীয় জলসার আয়োজন করা হয়। কুরআনের বাণী ও ইসলামী আলোচনায় মুখরিত হয়ে ওঠে পুরো মাদ্রাসা চত্বর। দূরদূরান্ত থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।
সম্মেলনের সার্বিক দায়িত্বে ছিলেন সিরাতের রাজ্য সম্পাদক ও কেরাত সম্মেলনের সম্পাদক আবু সিদ্দিক খান। প্রথম দিনে বিভিন্ন রাজ্য থেকে আগত খ্যাতনামা ক্বারীরা কুরআন তেলাওয়াত করেন। রাজস্থানের জয়পুর থেকে আগত হেদায়েতুল্লাহ ফুরকানী, অসমের গুলজার হোসেন, পশ্চিমবঙ্গের আসাহাবুল হক, আশিকবিল্লাহ, নাজমুল হক, বাহারুল ইসলাম ও আবদুল্লাহ লস্কর তাদের কণ্ঠে কেরাত পেশ করেন। কুরআনের আয়াত পাঠের পর সেগুলির ব্যাখ্যা তুলে ধরেন মাওলানা ক্বারী আবদুর রশিদ, যা উপস্থিত শ্রোতাদের গভীরভাবে প্রভাবিত করে।
দ্বিতীয় দিনের জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভাবে পরিচিত মুফাসসিরে কুরআন মাওলানা জয়নুল আবেদিন। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা সহিদুর রহমান ও অধ্যাপক আসগর আলি। আলোচনায় তারা কুরআনের শিক্ষা, মানবজীবনে ইসলামের গুরুত্ব এবং নৈতিকতার কথা তুলে ধরেন। মাওলানা রওসন আলি জানান, স্থানীয় মানুষের সহযোগিতায় এই প্রথম তাদের মাদ্রাসায় এত বড় কেরাত সম্মেলনের আয়োজন সম্ভব হয়েছে।
এই অনুষ্ঠানের উপলক্ষে সাতজন হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মান জানানো হয়। শেষ পর্বে দোয়া পরিচালনা করেন পীরজাদা সাহিমউদ্দিন সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল মাইনোরিটি ফোরামের সম্পাদক সিয়ামত আলি, সভাপতি সেখ মইনুল হক, চাঁদপুর আলিয়া অ্যাকাডেমির ফিরোজউদ্দিন মুহাম্মদ শফি, ইমতিয়াজ আহমেদ, হাফেজ হাসান আলি খান, মাওলানা আকবর আলি ও হাফেজ মুহাম্মদ হুজ্জাতুল্লাহ।


