নদিয়ার করিমপুরের কিশোরপুর গ্রামের এক সাধারণ যুবক আজিবর মণ্ডল এখন সারা বাংলার পরিচিত মুখ। মাথায় গামছা বাঁধা, মুখে হালকা হাসি আর মাঠে চাষ করতে করতে কবিতা আবৃত্তি এই দৃশ্যই আজ তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় ও জীবনানন্দ দাশের মতো কবিদের কবিতা তাঁর কণ্ঠে শুনে মুগ্ধ হচ্ছেন অসংখ্য মানুষ। কয়েকদিন আগে জমিতে বসেই কবিতা আবৃত্তির একটি ভিডিও তিনি ফেসবুকে পোস্ট করেন। সেই ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। রাতারাতি লক্ষ লক্ষ মানুষ তাঁর কবিতা শুনতে শুরু করেন। তখন থেকেই তিনি ‘কবিতাওয়ালা’ নামে পরিচিত হন। গত ১০ জানুয়ারি তিনি ‘কবিতাওয়ালা’ নামে একটি ফেসবুক পেজ খুলেছেন। মাত্র কুড়ি দিনের মধ্যেই সেই পেজে প্রায় দেড় লক্ষ ফলোয়ার হয়েছে।
আজিবর মণ্ডল ২০০০ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হলেও পড়া শেষ করতে পারেননি। পরে তিনি চাষবাসকেই পেশা হিসেবে নেন। বড় মঞ্চ, ঝলমলে আলো বা নামী কবিদের সঙ্গে তাঁর পরিচয় নেই। মাঠে কাজ করতে করতেই কবিতা তাঁর সঙ্গী হয়েছে। নিজের জনপ্রিয়তা নিয়ে আজিবর বলেন, “আমি কেউ না, আমি সাধারণ মানুষ।” এলাকার মানুষ তাঁকে খুব ভালোবাসেন। কবিতার পাশাপাশি তিনি রক্তদান শিবির ও নানা সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। তাঁর সহজ সরল আবৃত্তি আজ সাহিত্যপ্রেমী মানুষের মন ছুঁয়েছে।


