ভুটানে টানা ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর হু হু করে বাড়ছে। এর ফলে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ও টোটোপাড়া-সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংড়ি, হলং এবং জয়বীরপাড়া নদীর প্রবল স্রোতে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা, ভেঙে গিয়েছে অস্থায়ী সেতু।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবিরাম বৃষ্টির কারণে মাদারিহাট এলাকার নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার প্রধান রাজ্য সড়কের উপর দিয়ে বর্তমানে প্রবল বেগে বয়ে চলেছে বাংড়ি নদীর জল। ফলে ওই রাস্তায় যান চলাচল কার্যত ব্যাহত হয়েছে। টোটোপাড়ার সঙ্গে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ সড়কও জলের তলায় চলে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।
অন্যদিকে, জলদাপাড়া সংলগ্ন হলং নদীর জলও বিপজ্জনক সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর প্রবল স্রোতে পারাপারের জন্য তৈরি অস্থায়ী পায়ে চলার সেতুটি সম্পূর্ণ ভেসে গিয়েছে। ফলে হলং নদীর দু’পারের যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একইভাবে জয়বীরপাড়া নদীর জল বৃদ্ধির জেরেও আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনে নদী বা প্লাবিত রাস্তা পারাপার না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় উপদ্রুত এলাকাগুলিতে প্রশাসনিক কর্মী এবং উদ্ধারকারী দল মোতায়েন রাখা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই আবহে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। এরই মধ্যে প্রবল স্রোতের জেরে কাঁসাই নদীর উপর নির্মিত একটি অস্থায়ী রাস্তা ভেঙে পড়ায় প্রায় ১২ ঘণ্টা ধরে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আবহাওয়ার এই প্রতিকূল পরিস্থিতিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


