নদিয়ার চাপড়ায় মাদক বাজেয়াপ্ত নিয়ে বড় ধরনের গণ্ডগোল বাধে রাজ্য পুলিশ ও বিএসএফের মধ্যে। ঘটনাস্থল ছিল একদম ভরা রাস্তা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে কথাকাটাকাটি, পরে হাতাহাতি পর্যন্ত গড়ায় দুই বাহিনীর মধ্যে। অভিযোগ, বিএসএফের কয়েকজন আধিকারিক তিন পুলিশ কর্মীকে মারধর করেন। পুলিশকে মারধরের অভিযোগে এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে।
সূত্র অনুযায়ী, করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি বাসে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছিল। রাস্তার ধারে পেটিগুলি নামিয়ে রেখে পালিয়ে যায় পাচারকারীরা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ পেটিগুলি গাড়িতে তোলার সময় বিএসএফ সদস্যরা এসে বাধা দেন, দাবি করেন ওই মাদক তাঁদের গোপন তথ্যের ভিত্তিতেই ধরা পড়েছে। কে বাজেয়াপ্ত করবে তা নিয়ে শুরু হয় সংঘর্ষ। তবে এখনো পর্যন্ত বিএসএফ বা জেলা পুলিশের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি।


