Saturday, November 28, 2026
20 C
Kolkata

জ্ঞানেশ বিরোধী বিক্ষোভের জেরে সৌরভের পর এবার CJP-র আরও দুই নেতা অভিজিৎ ও আশুতোষের বিরুদ্ধে লুকআউট নোটিস

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার ঘটনায় এবার ককরোচ জনতা পার্টির (CJP) আরও দুই নেতার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছেন দলের অভিজিৎ দিপকে এবং আশুতোষ রাঙ্কা। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে শুনানির সময় কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য জানানো হয়। এর আগে দলের আর এক নেতা সৌরভ দাসের বিরুদ্ধেও একই ধরনের নোটিস জারি হয়েছিল বলে আদালতে জানিয়েছে কেন্দ্র।

ঘটনার সূত্রপাত গত ২ অক্টোবর। মুম্বইয়ের শিবাজী পার্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল CJP। পুলিশের অনুমতি না থাকলেও দলের নেতা-কর্মীরা সেখানে জমায়েত হন। এর পরদিন শিবাজী পার্ক থানায় এই কর্মসূচির আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পাশাপাশি ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। বেআইনি জমায়েত এবং পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করা হয়।

এই মামলার জেরেই গত ২৩ নভেম্বর রাতে দিল্লি বিমানবন্দরে সমস্যায় পড়েন CJP নেতা সৌরভ দাস। লন্ডনে যাওয়ার জন্য বিমানে ওঠার আগে তাঁকে আটকে দেন অভিবাসন দফতরের আধিকারিকরা। অক্সফোর্ডে একটি আলোচনাসভায় যোগ দিতে যাচ্ছিলেন বলে দাবি করেন সৌরভ। কিন্তু বিমানবন্দরে তাঁকে জানানো হয়, তাঁর পাসপোর্টের বিরুদ্ধে নজরদারির নির্দেশ রয়েছে। এরপরই তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন।

বৃহস্পতিবার বিচারপতি অমিত মহাজনের এজলাসে মামলাটির শুনানি হয়। কেন্দ্রের আইনজীবী জানান, মুম্বই পুলিশের অনুরোধেই সৌরভের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর পাসপোর্টে শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয় সংক্রান্ত তথ্যে অসঙ্গতি রয়েছে বলেও অভিযোগ করেছে কেন্দ্র। এমনকি তাঁর নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

অন্যদিকে, সৌরভের আইনজীবী অখিল সিব্বল প্রশ্ন তোলেন, কোনও আগাম খবর বা লিখিত নির্দেশ ছাড়াই কী ভাবে একজন নাগরিককে বিদেশযাত্রা থেকে আটকানো হল? তাঁর দাবি, বিমানবন্দরে পৌঁছনোর পর সৌরভকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। লুকআউট নোটিসের প্রতিলিপিও আদালতে চেয়েছেন তিনি।

তবে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নোটিসের কপি দেওয়া সম্ভব নয়। সৌরভ চাইলে আলাদা আইনি পথে সেটিকে চ্যালেঞ্জ করতে পারেন। ফলে CJP নেতাদের বিরুদ্ধে এই পদক্ষেপ এবং সৌরভের বিদেশযাত্রা আটকে দেওয়ার বিষয়টি ঘিরে আইনি বিতর্ক আরও বাড়ল।

Hot this week

এপ্রিলের ব্যর্থতার পর ফের সংসদে আসন বৃদ্ধি ও মহিলা সংরক্ষণ বিল আনার প্রস্তুতি, ৩০ নভেম্বর অধিবেশন ডাকল মোদী সরকার

অবশেষে সংসদের অধিবেশন ফেরানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী...

Topics

উত্তরপ্রদেশে বিজেপি-সমাজবাদী পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, ভোটের হিসাবে কি এগিয়ে অখিলেশ?

উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচন ঘিরে এখন থেকেই রাজনৈতিক উত্তাপ...

Related Articles

Popular Categories