সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ও বিদ্বেষমূলক প্রচার নিয়ন্ত্রণের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এবার সরাসরি মেটাকে নিশানা করল যুব কংগ্রেস। সংস্থাটির বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাত দেখানোর অভিযোগ তুলে বেঙ্গালুরুতে শুরু হয়েছে হোর্ডিং ও পোস্টার প্রচার। এই প্রচারে মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকেও কটাক্ষ করা হয়েছে। যুব কংগ্রেসের এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।‘মেটা, বিজেপি কা বেটা’ অর্থাৎ ‘মেটা, বিজেপির ছেলে’—এই স্লোগানকে সামনে রেখেই প্রচার চালাচ্ছে যুব কংগ্রেস। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের যাওয়ার পথে সদাহাল্লি গেটের কাছে একটি বড় হোর্ডিং লাগানো হয়েছে। সেখানে জাকারবার্গের এমন একটি ছবি ব্যবহার করা হয়েছে, যেখানে তাঁকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) পোশাকের আদলে খাকি হাফপ্যান্ট, সাদা জামা ও কালো টুপি পরা অবস্থায় দেখানো হয়েছে। কপালে রয়েছে গেরুয়া তিলক। ছবির পাশে লেখা হয়েছে ‘মার্ক বিজেপি-বার্গ’। মেটার লোগোও রাখা হয়েছে সেই হোর্ডিংয়ে।শুধু সদাহাল্লি নয়, বিমানবন্দরের রাস্তার চিক্কাজালা-সহ একাধিক জায়গায় বড় বড় ব্যানার ও পোস্টার লাগিয়েছে যুব কংগ্রেস। সংগঠনের অভিযোগ, বিদ্বেষমূলক বক্তব্য ও ভুয়ো খবরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মেটা সবার জন্য একই নিয়ম প্রয়োগ করছে না। তাদের দাবি, বিজেপির সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় বা প্রচারের ক্ষেত্রে সংস্থার ভূমিকা একরকম, অথচ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পোস্ট ও অ্যাকাউন্টের ক্ষেত্রে অন্যরকম আচরণ করা হচ্ছে।এর আগে হায়দরাবাদ, মুম্বই ও গুরুগ্রামে মেটার অফিসের সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন যুব কংগ্রেস কর্মীরা। সংগঠনের অভিযোগ, তাদের একাধিক নেতা ও পদাধিকারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ বা সাময়িকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। কয়েকজনের পোস্টও সরিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মা।এদিকে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট নিয়েও অতীতে বিতর্ক তৈরি হয়েছিল। প্রায় ৮৯ লক্ষ অনুসরণকারী থাকা তাঁর সরকারি পেজ গত বছরের নভেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে দল এক্সে জানায়, প্রযুক্তিগত সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে এবং মেটা বিষয়টি সমাধানের চেষ্টা করছে। ২০২৫ সালের অক্টোবরেও একই ধরনের সমস্যার মুখে পড়েছিল পেজটি। তখন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, এই ঘটনায় সরকারের কোনও ভূমিকা নেই।
‘মার্ক বিজেপি-বার্গ’! RSS-এর পোশাকে জাকারবার্গের ছবি দিয়ে বেঙ্গালুরুতে হোর্ডিং, মেটার বিরুদ্ধে যুব কংগ্রেসের পক্ষপাতের অভিযোগ
Popular Categories


