গঙ্গা আরতিতে দুর্নীতি, এরকমই এক পোস্ট সমাজমাধ্যমে করা হয় সিপিএমের দ্বারা। এই পোস্ট সামনে আসতেই সিপিএম নেত্রীর চুলের মুঠি ধরে বেধড়ক মার বিজেপি কর্মীদের। এই ঘটনা কেন্দ্র করে সিপিএমের পার্টি অফিস ঘিরে তৈরি হয় চরম উত্তেজনা।
বৃহস্পতিবার ব্যারাকপুর অঞ্চলের দেব দীপাবলির গঙ্গা আরতির খরচ নিয়ে সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় আর্থিক তছরুপের অভিযোগ করেন, সেখান থেকেই শুরু রাজনৈতিক উত্তেজনা। গার্গী চ্যাটার্জি নিজের সমাজমাধ্যমে জানিয়েছেন, গঙ্গা আরতির জন্য সরকার 55 লক্ষ টাকা বরাদ্দ করেছিল । অথচ সেই অর্থের একটি বড় অংশ অনুষ্ঠানে খরচ না হয়ে বিজেপি নেতা-কর্মীদের পকেটে গিয়েছে ।
এই অভিযোগের প্রতিবাদে স্থানীয় বিজেপি কর্মীরা গিয়ে সিপিএমের পার্টি অফিস ঘেরাও করে। সমাজমাধ্যমে করা এই পোস্টের জন্য সিপিএমকে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাওয়া হচ্ছে পার্টি অফিস অফিস বন্ধ থাকবে, এমনটাই বিজেপি কর্মীদের দাবি। পাল্টা অভিযোগ এনেছে সিপিএম। তাদের বক্তব্য অনুযায়ী,বিজেপি কর্মীদের মারধরে তাদের কয়েকজন কর্মী-সমর্থক অসুস্থ হয়ে পড়েছেন ।
পরিস্থিতি সামাল দিতে নোয়াপাড়া থানার পুলিশ এলাকায় পৌঁছয় । উত্তেজিত দু’পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় পুলিশের পক্ষ থেকে । ধস্তাধস্তির জেরে অসুস্থ ও আহত কর্মী-সমর্থকদের হাসপাতালে পাঠানো হয়েছে ।

