বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। রবিবার রাতেই এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় বলে জানা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মোন্থা এখন চেন্নাই থেকে প্রায় ৬৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, কাকিনাড়া থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যেই এটি আরও শক্তিশালী হয়ে উঠবে এবং মঙ্গলবার সকাল নাগাদ ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হবে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাতে মোন্থা অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কাকিনাড়ার মাঝামাঝি কলিঙ্গপত্তনম উপকূলে আছড়ে পড়তে পারে। ঝড়ের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, আর দমকা হাওয়া পৌঁছতে পারে ১১০ কিলোমিটার বেগে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকেই শুরু হবে ঝড়-বৃষ্টি । দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ায়। সেই সঙ্গে কলকাতা ও আশপাশের এলাকায়ও ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বর্ষণের সম্ভাবনা রয়ে গেছে।
উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃষ্টি শুরু হবে।বৃহস্পতিবার জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই সময় সমুদ্র উত্তাল অবস্থায় রয়েছে বলে জানা যায়। যার ফলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই গিয়েছেন, তাদের সোমবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। এদিকে কলকাতার তাপমাত্রাও সামান্য বেড়েছে বলে জানায় আলিপুর আবহাওয়া দফতর । সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।


