কেঁপে উঠল রাজধানী! নয়াদিল্লি এবং তার আশেপাশের এলাকায় বৃহস্পতিবার সকালে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সকাল ৯টা ৪ মিনিটে রাজধানীতে ৪.৪ মাত্রার এই ভূমিকম্প হয়। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানায়, কম্পনের উৎসস্থল ছিল দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জর এলাকায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পন হয়েছে।
দিল্লি থেকে উৎসস্থল অনেক দূরে না থাকায় কম্পনের তীব্রতা বেশি না হলেও কম্পন ভালভাবেই অনুভূত হয়েছে রাজধানী এবং আশপাশের এলাকায়। তবে এখনো পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের বাড়ির ফ্যান, টেবিল-চেয়ারসহ অনেক জিনিস কাঁপতে শুরু করেছিল। জানা গিয়েছে, দিল্লির পাশের হরিয়ানার গুরুগ্রাম এবং উত্তরপ্রদেশের নয়ডা এলাকাতেও কম্পনের প্রভাব পড়েছে।
সিসমিক জোনিং ম্যাপ অনুযায়ী, দিল্লির ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্প এখানে অস্বাভাবিক নয়। ভারতের ৫৯ শতাংশ এলাকা ভূমিকম্প প্রবণ বলে ধরা হয়েছে। দেশের বিভিন্ন অংশকে চারটি সিসমিক জোনে ভাগ করা হয়েছে। দিল্লি জোন ৪-এ পড়ে, যেখানে মাঝে মাঝে ৫ থেকে ৬ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে।


