উত্তরাখণ্ডের ডিজিটাল সাংবাদিক রাজীব প্রতাপের মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিক তদন্তে সড়ক দুর্ঘটনার কথা উঠে এসেছে। এই তদন্তের দায়িত্বপ্রাপ্ত বিশেষ তদন্তকারী দল জানিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
১৮ সেপ্টেম্বর সন্ধ্যায়, দেরাদুনের বাসিন্দা রাজীব প্রতাপ উত্তরকাশী থেকে হঠাৎ নিখোঁজ হন। ১০ দিন পর, ২৮ সেপ্টেম্বর, তার মৃতদেহ মেলে জোশিয়াদা ব্যারেজ এলাকায়। সাংবাদিক রাজীব প্রতাপের মৃত্যুর তদন্তের নেতৃত্বে থাকা ডেপুটি এসপি জনক পানওয়ার জানান, ময়নাতদন্ত, সিসিটিভি ফুটেজ এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে তারা মনে করছেন এটি একটি দুর্ঘটনা। তিনি জানান, সেদিন রাজীব তার পরিচিত সোবান সিং ও মনবীর কালুদার সঙ্গে দেখা করে ছিলেন। রাত ১০টার পর তারা হোটেলে গিয়ে খাওয়া-দাওয়ার পর আরও মদ পান করেন।
রাত ১১টার দিকে হোটেল থেকে বেরিয়ে রাজীব নিজেই গাড়ি চালানো শুরু করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িতে তখন অন্য কেউ ছিল না। এরপর রাত ১১:৩৮ মিনিটে তাকে শেষবার সিসিটিভি-তে দেখা যায় গাঙ্গোরির দিকে যেতে। পুলিশ জানিয়েছে, পরে গাড়ির ভেতর থেকে একজোড়া নীল জুতো ছাড়া তেমন কোনও গুরুত্বপূর্ণ প্রমাণ মেলেনি।
তবে রাজীবের পরিবার ও কংগ্রেস এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তাদের দাবি, প্রতাপকে হুমকি দেওয়া হচ্ছিল এবং এই মৃত্যু নিছক দুর্ঘটনা হতে পারে না। রাহুল গান্ধী একে ভয়াবহ ঘটনা বলেছেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।


