উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৩২০ জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শক্তিশালী এই ভূমিকম্পে দেশটির ঐতিহাসিক মাজার-ই-শরীফ শহরের নীল মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে, যার কেন্দ্রস্থল মাজার-ই-শরীফের কাছে।
এই নীল মসজিদটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ স্থানীয়রা বিশ্বাস করেন এখানে খলিফা হযরত আলী (রাঃ)-এর কবর রয়েছে। যদিও বেশিরভাগ ঐতিহাসিক সূত্র মতে, হযরত আলী (রাঃ)-এর দাফন ইরাকের নাজাফে করা হয়। আফগান জনগণের মধ্যে দীর্ঘদিন ধরেই এই মাজার নিয়ে গভীর শ্রদ্ধা ও বিতর্কের গল্প প্রচলিত।
ভূমিকম্পে বহু বাড়িঘর ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা দিন-রাত ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের বের করার চেষ্টা চালাচ্ছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এক ছোট মেয়েকে জীবিত উদ্ধার করা হচ্ছে। শিশুটি গুরুতর আহত হলেও তার প্রাণ রক্ষা পেয়েছে। মাজার-ই-শরীফের বাসিন্দা রাহিমা নামক এক মহিলা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “রাতের দিকে হঠাৎ ঘুম ভেঙে দেখি মাটি কাঁপছে। আমার মেয়ে চিৎকার করে নিচে নেমে যায়। আমি জীবনে এমন ভয়ংকর কম্পন দেখিনি।”


