সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকা কেঁপে উঠেছে ভূমিকম্পে। শনিবার এই ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে রেকর্ড করা হয় ৩.৪। একই সময় মধ্যপ্রাচ্যের আরও দুটি দেশ ইরাক ও ইরানেও একটি শক্তিশালী কম্পন ধরা পড়েছে, যার মাত্রা ছিল ৫.০৯।
সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানিয়েছে, সেদিন দেশের জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি শনাক্ত করে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মাঝামাঝি, হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। যদিও কম্পন অনুভূত হওয়ার পর অনেকেই আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন, তবে এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাড়িঘর বা অবকাঠামোতে কোনো দৃশ্যমান ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে স্থানীয় কর্তৃপক্ষ নজরদারি জোরদার করেছে।
অন্যদিকে, একই সময়ে ইরাকেও ৫.০৯ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড হয়েছে। প্রতিবেশী ইরানের কয়েকটি সীমান্তবর্তী অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে সেখানেও ক্ষয়ক্ষতির উল্লেখযোগ্য খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে হরাত আল-শাকার ভূ-কম্পন পরিস্থিতি পর্যবেক্ষণ করে। বিশেষজ্ঞদের মতে, লাভাক্ষেত্রের ভৌগোলিক গঠন ও ভূগর্ভস্থ গতিবিধির কারণে এখানে মাঝেমধ্যেই এমন হালকা বা মাঝারি মাত্রার কম্পন দেখা দেয়।


