পূর্ব জেরুসালেমের সিলওয়ান এলাকায় ভোরবেলায় ইসরাইলি প্রশাসন একটি চারতলা আবাসন ভেঙে দিয়েছে। প্রায় ১২ ঘণ্টা ধরে চলা ভাঙচুরে মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি হারান প্রায় ১০০ জন ফিলিস্তিনি বাসিন্দা। ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এই ভবনটি তৈরি করা হয়েছিল। তবে স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ ভিন্ন। তাদের দাবি, ফিলিস্তিনিদের জন্য ঘর বানানোর অনুমতি পাওয়া প্রায় অসম্ভব করে রাখা হয়েছে। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এই পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে তারা জানায়।
এদিকে ফিলিস্তিনিদের বাড়ি ভাঙা হলেও একই এলাকায় ফিলিস্তিনিদের জমিতেই নতুন ইসরাইলি বসতি তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে অনেক মানুষ কান্নায় ভেঙে পড়েন। এক বৃদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। অনেকে মনে করছেন, এটি শুধু বাড়ি ভাঙার ঘটনা নয়, বরং ফিলিস্তিনিদের তাদের শহর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা। আন্তর্জাতিক আইন অনুযায়ী পূর্ব জেরুসালেম দখল অবৈধ হলেও বাস্তবে প্রতিদিন ফিলিস্তিনিদের জীবন আরও সংকুচিত হয়ে আসছে।


