ভোটার তালিকা পরিশুদ্ধ করার কাজ আরও গতি পেল। বিশেষ নিবিড় সংশোধন পর্বে যারা আর জীবিত নেই, নতুন জায়গায় চলে গেছেন বা দীর্ঘদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না, এমন ভোটারদের যে খসড়া তালিকা তৈরি হয়েছে, তা রাজনৈতিক দলগুলোর এজেন্টদের হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্দেশ দেশের মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশ অনুযায়ী, প্রতিটি বুথ এলাকার দায়িত্বে থাকা ব্লক লেভেল অফিসাররা রাজনৈতিক দলের পক্ষ থেকে নিযুক্ত এজেন্টদের সঙ্গে বৈঠক করে তালিকাটি দেবেন। পাশাপাশি তালিকাটি কমিশনের সরকারি ওয়েবসাইটেও দেখা যাবে। কমিশন জানিয়েছে, বিহারে এই প্রক্রিয়া যেমনভাবে মানা হয়েছিল, এখানেও সেই নিয়মই অনুসরণ করতে হবে।
এছাড়া, খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে এই তথ্য রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিতে বলা হয়েছে। যারা বারবার ঠিকানা বদল করেছেন, তাদের নাম শুধু বর্তমান ঠিকানার তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে যাদের বাড়িতে বারংবার গিয়েও বিএলও অফিসাররা কাউকে পাননি, তাদের নামও এবার প্রাথমিক তালিকায় না থাকার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের দাবি, এই প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল হবে।


