দেশজুড়ে ভোটার তালিকা আরও নির্ভুল ও আধুনিক করতে বড় পদক্ষেপ নিচ্ছে ভারতের নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ১০টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ সফলভাবে শেষ হয়েছে। এবার তৃতীয় পর্যায়ে বাকি ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মর্মে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, জনগণনার সুবিধার্থে বাড়ির তালিকা তৈরির পাশাপাশি ভোটার তালিকার এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চালানো হবে। তবে প্রতিকূল আবহাওয়া ও ভৌগোলিক পরিস্থিতির কারণে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আপাতত এই পর্যায়ের বাইরে রাখা হয়েছে। এই অঞ্চলগুলোতে আদমশুমারির দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে, তাই সেখানকার তুষারাবৃত ও উচ্চ পার্বত্য এলাকার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সংশোধনের আলাদা সময়সূচি ঘোষণা করা হবে।
কমিশন জানিয়েছে, এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য দেশজুড়ে প্রায় ৩.৯৪ লক্ষ বুথ লেভেল অফিসার (বিএলও) নিয়োগ করা হয়েছে। তাঁরা সরাসরি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। এই কাজে স্বচ্ছতা বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নিযুক্ত ৩.৪২ লক্ষ বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) সাহায্য নেওয়া হবে। এই পর্যায়ে সব মিলিয়ে প্রায় ৩৬.৭৩ কোটি ভোটারের তথ্য যাচাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
তৃতীয় পর্যায়ের এই তালিকায় থাকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ওড়িশা, মিজ়োরাম, সিকিম, মণিপুর, দমন ও দিউ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলঙ্গানা, পঞ্জাব, কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি এবং ত্রিপুরা।
এর আগে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, বিহার ও গুজরাত সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেশের মোট ৯৯ কোটি ভোটারের মধ্যে ইতিমধ্যেই ৬০ কোটি ভোটারকে এই নির্ভুল তালিকার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। বাকি প্রায় ৪০ কোটি ভোটারকে এই আসন্ন পর্যায়ের মাধ্যমেই ডিজিটাল ও সংশোধিত তালিকার আওতায় নিয়ে আসা হবে। মূলত প্রতিটি যোগ্য নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতেই নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছে।


