অবশেষে জামিন পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা করার মূল মাস্টারমাইন্ড তিনি, এমনই গুরুতর অভিযোগ উঠেছে হিন্দোলের বিরুদ্ধে। সোমবার আলিপুর আদালত হিন্দোলকে জামিন দিয়েছে। সোমবার পুলিশি হেফাজত শেষ হওয়ার পর আদালতে পেশ করা হয় হিন্দোলকে। তার আইনজীবী গোপাল হালদার আদালতের সওয়াল করেন, মামলার নতুন কোন অগ্রগতি নেই। সওয়াল জবাবে আইনজীবী আরো জানান, তার মক্কেল স্পেনে থাকেন, কলকাতায় এসেছেন বাবা মার সঙ্গে দেখা করতে। দেশে ফেরা মাত্রই হিন্দোলকে গ্রেফতার করা হয়।
পুলিশের তরফ থেকে দাবি করা হয়, প্রাক্তন পড়ুয়াদের মেসেজ করে ব্রাত্য বসুর গাড়িতে হামলা করার কথা বলা হয়েছিল। অপরদিকে হিন্দোলের আইনজীবী আদালতে বলেন, “ছেলেটার শিক্ষাগত যোগ্যগত দেখুন, ভদ্রলোকের ছেলে। ঘটনার সময় সশরীরে উপস্থিতও ছিল না।” অবশেষে সওয়াল জবাব শেষে ১০০০ টাকার বন্ডে হিন্দোলকে জামিন দেন বিচারক।


