মাত্র দুই মাস আগে বিয়ে। তার মধ্যেই এক ভয়ঙ্কর ও নৃশংস ঘটনায় স্ত্রীকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে নদীতে ফেলে দিল তার স্বামী। এই মর্মস্পর্শী ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। ঘটনাটি হায়দ্রাবাদের মেডিপল্লি এলাকার। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সামালা মাহেন্দার রেড্ডি, বয়স ২৭। মাহেন্দার একটি অ্যাপ-ভিত্তিক বাইক কোম্পানিতে রাইডার হিসেবে কাজ করত। তার স্ত্রী বি স্বাথির বয়স ছিল মাত্র ২১ বছর।

পুলিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ মাহেন্দার তার স্ত্রী স্বাথিকে হত্যা করে। এরপর নৃশংসভাবে তার দেহ কেটে টুকরো টুকরো করে। কাটা মাথা, হাত ও পা সে মুসি নদীতে ফেলে দেয়। দেহের বাকি অংশগুলো মাহেন্দার একটি ট্রাঙ্কে ভরে নিজের বাড়িতেই রেখে দেয়। হত্যার পর মাহেন্দার নিজের বোনকে ফোন করে বলে যে তার স্ত্রী নিখোঁজ হয়েছে। কিন্তু তার এই আচরণে বোনের সন্দেহ হয় এবং তিনি মাহেন্দারকে নিয়ে থানায় গিয়ে একটি এফআইআর করান। থানাতেও মাহেন্দার একই গল্প বলে যে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পুলিসের কঠোর জেরার মুখে শেষ পর্যন্ত সে ভেঙে পড়ে এবং সত্যি কথা স্বীকার করে নেয়।পুলিস তার বাড়ি থেকে দেহের বাকি অংশগুলো উদ্ধার করেছে। ডিএনএ পরীক্ষার জন্য সেই অংশগুলো পাঠানো হয়েছে। নদীতে তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত দেহের বাকি টুকরোগুলো পাওয়া যায়নি।


