মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে থাকায় বিপদের মুখে পড়ছেন বাণিজ্যিক জাহাজের নাবিকরা। এবার ওমানের উপকূলের কাছে হামলার শিকার হল ভারতীয় পণ্যবাহী জাহাজ। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাবিক। মৃতের নাম গান্ধার নাহিম আজিজ। তিনি গুজরাটের বাসিন্দা। জাহাজে থাকা বাকি ১৩ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই ঘটনার কথা জানিয়েছেন।জানা গিয়েছে, সোমবার ওমানের উপকূলের কাছ দিয়ে যাওয়ার সময় ‘এমএসভি আল জুসুফি’ নামে জাহাজটিতে আঘাত হানে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু। এর ফলে জাহাজের ডান দিকের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় জাহাজে মোট ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় ওমানের কোস্ট গার্ড। উদ্ধার করা হয় জাহাজের প্রত্যেক নাবিককে। তবে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া গান্ধার নাহিম আজিজকে বাঁচানো সম্ভব হয়নি।এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সমাজমাধ্যমে তিনি নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বাকি ১৩ জন নাবিকের প্রয়োজনীয় সাহায্য নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থাও করা হচ্ছে।উল্লেখ্য, সোমবারই ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছিল আমেরিকা। দুই দেশের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যেই এই সামরিক অভিযান নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত আকারে হামলা চালাচ্ছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপেও সেই অভিযানের প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজরায়েলের ইরান অভিযানের পর থেকে এখনও পর্যন্ত অন্তত ২২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনই জাহাজের নাবিক।পরিস্থিতির গুরুত্ব বুঝে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাগরিকদের নিয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু আন্তর্জাতিক বাণিজ্যকেই নয়, ভারতীয় নাবিকদের জীবন ও নিরাপত্তাকেও বড়সড় ঝুঁকির মুখে ফেলেছে।
Popular Categories

