আইডিবিআই ব্যাংক বিক্রির সিদ্ধান্ত ঘিরে কেন্দ্রের বিজেপি সরকার ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল। সরকারি ব্যাংকের কর্মীদের পাশে দাঁড়িয়ে মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, যে ব্যাংক একসময় দেশের শিল্প ও অর্থনীতির উন্নতির কথা মাথায় রেখে তৈরি হয়েছিল, এখন সেই ব্যাংকই বিক্রি করে দিতে চাইছে কেন্দ্র। অন্যদিকে, রাহুলের অভিযোগের জবাব দিতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে পালটা আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে রাহুল বলেন, কংগ্রেসের আমলে দেশের উন্নয়নের জন্য একের পর এক সরকারি ব্যাংক তৈরি হয়েছিল। আর বর্তমান সরকারের আমলে সেই প্রতিষ্ঠানগুলিকে বিক্রির পথে হাঁটা হচ্ছে। আইডিবিআই ব্যাংকের কর্মীদের উদ্দেশে লেখা তাঁর একটি খোলা চিঠিও সামনে এসেছে। সেখানে তিনি ব্যাংক বিক্রির সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।রাহুলের দাবি, সাত বছর আগে লোকসানের মুখে থাকা আইডিবিআই ব্যাংক গত বছর ৯ হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছে। ব্যাংকের কর্মীদের পরিশ্রমেই এই ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। অথচ এখন সেই ব্যাংকের বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার ও জীবন বিমা নিগমের হাতে ব্যাংকটির প্রায় ৯৫ শতাংশ মালিকানা রয়েছে। বিক্রির প্রক্রিয়া শেষ হলে তা কমে প্রায় ৩৪ শতাংশে দাঁড়াবে বলে দাবি করেছেন তিনি।রাহুল আরও মনে করিয়ে দিয়েছেন, ২০০৩ সালে সংসদে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আইডিবিআই ব্যাংকের অন্তত ৫০ শতাংশ মালিকানা সরকারের হাতেই থাকবে। তাঁর প্রশ্ন, সংসদে দেওয়া সেই প্রতিশ্রুতির কী হবে? একটি লাভজনক সরকারি ব্যাংককে কানাডার সংস্থার কাছে বিক্রি করার প্রয়োজন কেন পড়ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।তবে রাহুলের অভিযোগ মানতে নারাজ নির্মলা সীতারামন। তাঁর পালটা দাবি, কংগ্রেসের আমলে ব্যাংকগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছিল। ঋণ দেওয়ার নিয়ম না মেনে বিভিন্ন সংস্থাকে ঋণ দিতে ব্যাংককর্মীদের উপর চাপ তৈরি করা হত। তাঁর অভিযোগ, ভিডিওকন, উইনসাম, এবিজি শিপইয়ার্ড এবং কিংফিশারের মতো সংস্থাকে ঋণ দেওয়ার কারণে আইডিবিআই ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হয়েছিল।অর্থমন্ত্রীর দাবি, ক্ষমতায় আসার পর মোদি সরকার ব্যাংকটির উন্নতির জন্য ২৫ হাজার কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগ করেছে। পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটিকে নতুন করে ঘুরে দাঁড় করানো হয়েছে। এখন সেটি আরও বড় হওয়ার জন্য প্রস্তুত। আইডিবিআই ব্যাংকের ভবিষ্যৎ এবং সরকারি মালিকানা ধরে রাখার প্রশ্নে দুই দলের এই সংঘাত আগামী দিনে আরও বাড়তে পারে।
আইডিবিআই বিক্রি নিয়ে রাহুল-নির্মলার সংঘাত, ‘কংগ্রেসের তৈরি ব্যাংক বিক্রি করেছে মোদি সরকার’, পালটা জবাব অর্থমন্ত্রীর!
Popular Categories


