ইরানে চলমান সংঘাতের মধ্যে এক নতুন উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। সোমবার মাশাদ বিমানবন্দরে মার্কিন বাহিনীর হামলার ফলে ভারতমুখী একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি মানবিক সহায়তার উদ্দেশ্যে ভারতে যাচ্ছিল। এতে ওষুধ ও জরুরি ত্রাণসামগ্রী আনার পরিকল্পনা ছিল।
প্রায় এক মাসের বেশি সময় ধরে ইরানে লাগাতার হামলা চালানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিভিন্ন অবকাঠামোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানও ক্ষতির মুখে পড়েছে। এই কঠিন সময়ে ভারত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ইরানের পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, মাহান এয়ারের ওই বিমানটি মাশাদ থেকে ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল এবং দিল্লিতে নামার পরিকল্পনা ছিল। কিন্তু হামলার কারণে সেই পরিকল্পনা ব্যাহত হয়েছে। যদিও এ বিষয়ে এখনও আমেরিকার তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি এবং ঘটনার প্রমাণস্বরূপ ছবি বা ভিডিওও প্রকাশ পায়নি। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মানবিক সহায়তার কাজে ব্যবহৃত একটি বিমানের ওপর হামলার অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।


