কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে সম্প্রতি শেষ হল চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব অফ ইন্ডিয়া। পাঁচদিন ধরে চলা এই উৎসবে বিশ্বের নানা দেশের ক্রীড়াভিত্তিক ছবি প্রদর্শনের মাধ্যমে খেলাধুলা, একশন, সমাজ ও মানুষের অদম্য মানসিক শক্তির গল্প তুলে ধরা হয়। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া এবং সোশাল স্পোর্টস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে এই উৎসব। এবারের উৎসবে কল্পকাহিনি বিভাগে সেরা ছবির স্বীকৃতি পেয়েছে ইরানের চলচ্চিত্র ‘মাডি ফুট’। পরিচালক মহম্মদ এব্রাহিম আজিজির এই ছবিতে ফুটবলকে কেন্দ্র করে নৈতিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। বিচারকমণ্ডলীর মতে, খেলাকে ব্যবহার করে সমাজের দুর্নীতি ও মানুষের আত্মসংঘাতের দিকটি অত্যন্ত শক্তিশালীভাবে তুলে ধরেছে এই ছবি।
উৎসবের শেষ দিনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকেরা ভারতের খেলাধুলার স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন। বিশেষভাবে আলোচনায় উঠে আসে ১৯৭৫ সালে কলকাতায় অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগণার কথা, যার ৫০ বছর পূর্তি এ বছর পালিত হচ্ছে। এই উপলক্ষে ক্রোয়েশিয়া সরকারের পক্ষ থেকে এক বিখ্যাত টেবিল টেনিস চ্যাম্পিয়নের জীবনভিত্তিক বিশেষ চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের আকর্ষণ করে। এবারের উৎসবে মোট ১৭টি দেশের ৩৬টি ছবি দেখানো হয়েছে। কল্পকাহিনি, তথ্যচিত্র ও ক্রীড়া, এই তিন বিভাগে নানা ধরনের গল্প উপস্থাপিত হওয়ায় দর্শকদের মধ্যে উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।


