পবিত্র রমযান শুরু হওয়ার আগমুহূর্তে অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে বিশিষ্ট ইমাম শেখ মুহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে ইসরাইলি পুলিশ। সোমবার সন্ধ্যায় মসজিদের ভেতর থেকেই তাকে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ খবর প্রকাশ করেছে।
জানা গেছে, আটক করার কয়েক ঘণ্টা আগেই ইসরাইলি প্রশাসন শেখ আব্বাসির ওপর এক সপ্তাহের জন্য মসজিদ এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। ইমামের দাবি, কোনও স্পষ্ট কারণ না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় এক বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর সুস্থ হয়ে তিনি সম্প্রতি আবার দায়িত্ব পালন শুরু করেন। তার পরপরই এমন পদক্ষেপে তিনি বিস্ময় ও দুঃখ প্রকাশ করেছেন। তার আশঙ্কা, এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে।
ঘটনার পর ফিলিস্তিনি সংগঠন হামাস এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানায়। তাদের বক্তব্য, ধর্মীয় বিষয়ে অযাচিত হস্তক্ষেপেরই এটি আরেকটি উদাহরণ। সংগঠনটির অভিযোগ, রমযানকে সামনে রেখে মুসল্লিদের মধ্যে চাপ সৃষ্টি করতেই ধর্মীয় নেতাদের লক্ষ্য করে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতি বছর রমযান মাসে আল-আকসা মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে জড়ো হন। কিন্তু এ বছর পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে। পুরনো শহর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনেকের অভিযোগ, সাধারণ মুসল্লিদের চলাচলে বিধিনিষেধ থাকলেও কিছু কট্টরপন্থী বসতিস্থাপনকারীকে নিরাপত্তা ঘিরে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।
ফিলিস্তিনিদের মতে, এই সব পদক্ষেপ ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী এবং পবিত্র স্থানটির মর্যাদাকে ক্ষুণ্ন করছে। বিশ্লেষকদের আশঙ্কা, রমযানের প্রাক্কালে এমন পরিস্থিতি উত্তেজনা আরও বাড়াতে পারে এবং পূর্ব জেরুসালেমে অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে।


