ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক সম্প্রতি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করেছে। বুধবার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই তালিকা প্রকাশ করেন। এই তালিকায় পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইটি খড়গপুর একাধিক বিভাগে দেশের সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে রয়েছে।
এছাড়া, গোটা দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর নবম স্থানে আছে। আইআইটি খড়গপুর দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে। ইঞ্জিনিয়ারিং বিভাগের তালিকায় এটি রয়েছে পঞ্চম স্থানে। শুধু তাই নয়, আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে তৃতীয়, রিসার্চ বিভাগে পঞ্চম এবং ইনোভেশন বা নতুন আবিষ্কারের তালিকায় চতুর্থ স্থানে আছে এই প্রতিষ্ঠানটি। অন্যদিকে কলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ এবং সেন্ট জেভিয়ার্স কলেজ জায়গা করে নিয়েছে প্রথম দশে।


