কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফকে) ২০২৫-এ মোট ১৬টি চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেয়নি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বাতিল হওয়া ছবিগুলোর মধ্যে ফিলিস্তিন বিষয়ক চারটি চলচ্চিত্র থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কেরালা রাজ্য চলচ্চিত্র একাডেমি এই উৎসবের আয়োজন করে থাকে। জানা যাচ্ছে, প্যালেস্টাইন ৩৬, ইয়েস, ওয়ান্স আপন এ টাইম ইন গাজা, এবং অল দ্যাট’স লেফট অফ ইউ, এই চারটি ফিলিস্তিন সম্পর্কিত চলচ্চিত্রের অনুমতি বাতিল করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই চলচ্চিত্রগুলো উৎসবের প্রাথমিক প্রদর্শনীতে ইতিমধ্যেই দেখানো হয়েছিল। আরবি ও ইংরেজি ভাষার চলচ্চিত্র প্যালেস্টাইন ৩৬ ছিল এবারের উৎসবের উদ্বোধনী ছবি। এছাড়াও আরও ১২টি চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি পায়নি। এর মধ্যে রয়েছে ব্যামাকে, পরিচালক সের্গেই আইজেনস্টাইনের বিখ্যাত ১৯২৫ সালের ছবি ব্যাটলশিপ পটেমকিন, স্প্যানিশ ছবি বিফ, ক্ল্যাশ, ঈগলস অফ দ্য রিপাবলিক, হার্ট অফ দ্য উলফ, রেড রেইন, রিভারস্টোন, দ্য আওয়ার অফ দ্য ফার্নেসেস, টানেলস সান ইন দ্য ডার্ক, ফ্রেমস, টিমবাকটু, ওয়াজিব এবং সন্তোষ।
নিয়ম অনুযায়ী, উৎসবে প্রদর্শনের আগে সব চলচ্চিত্রের নাম কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। মন্ত্রকের মতে, যেসব ছবি ভারতের কূটনৈতিক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে, সেগুলো বাতিল করার ক্ষমতা তাদের রয়েছে। তবে কেরালা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ১৬টি ছবির অনুমতি বাতিলের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১২ ডিসেম্বর শুরু হয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতি বছর এই উৎসবে দেশ-বিদেশের হাজার হাজার প্রতিনিধি অংশ নেন। এ বিষয়ে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেনি জানিয়েছেন, “কেরালা সরকার আয়োজিত এই উৎসবকে বাধাগ্রস্ত করার চেষ্টা চরম স্বৈরাচারী মানসিকতার পরিচয়। শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং গণতন্ত্রে বিশ্বাসী সকল মানুষের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।”


