এবছর অতিভারী বৃষ্টির কারণে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার বামুনিবহাল গ্রামে ঢোকার মূল কাঁচা রাস্তাটি একেবারে বেহাল হয়ে পড়ে। রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে বড় বড় গর্ত তৈরি হয় যার ফলে অটো, টোটো, মোটরসাইকেল কিংবা সাইকেল চলাচলেও সমস্যা হতে শুরু করে বলে জানা যায় । সরকারের কাছে এই সমস্যার স্থায়ী সমাধান না পেয়ে গ্রামের কিছু যুবক নিজেরাই উদ্যোগ নেন রাস্তাটি মেরামতের। কোনও সরকারি সাহায্য বা অনুমতির অপেক্ষা না করে তারা এই কাজ শুরু করেন।
রবিবার প্রায় ২০-৩০ জন যুবক কোদাল, চাকুলি নিয়ে গর্তে মাটি ফেলে রাস্তা সংস্কারের কাজ করেন। তারা বলেন, ” সরকারি প্রক্রিয়া অনুযায়ী কোনো কাজ শুরু হতে অনেক দেরি হয়ে যায়। “
গ্রামের মধ্যে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকেন বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, তখন রাস্তায় গর্ত থাকলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না। তাই আগে থেকে ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানিয়েছেন গ্রামবাসীরা।


