উত্তরপ্রদেশের বারাণসীতে সরকারি স্বাস্থ্য প্রকল্পকে ঘিরে একটি গুরুতর প্রতারণার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, একজন অসুস্থ বৃদ্ধকে সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বিপুল মূল্যের সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে এই ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের তালিকায় একটি রাজনৈতিক দলের স্থানীয় এক নেতার নামও রয়েছে, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। জানা যাচ্ছে এই ঘটনায় বারাণসীর বিজেপি জেলা সহ-সভাপতি সুরেশ কুমার সিংও এই কাজের সঙ্গে জড়িত। অভিযোগে জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক ওম প্রকাশ মিশ্র দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার অংশ হিসেবে তাঁকে প্রতি সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করাতে হতো। এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁর এক আত্মীয়ও দেখাশোনার দায়িত্বে ছিলেন। সেই সুযোগকেই কাজে লাগিয়ে একটি পরিকল্পিত প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।পরিবারের দাবি, ওই আত্মীয় ও তাঁর সহযোগীরা ওম প্রকাশকে জানান যে, আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য কার্ড তৈরি হলে তিনি সরকারের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এই কথা বিশ্বাস করে তিনি নিজের মোবাইল নম্বর, পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথি তাঁদের হাতে তুলে দেন। কিন্তু পরে সেই নথি ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে কাগজপত্র তৈরি করা হয় বলে অভিযোগ।অভিযোগ অনুযায়ী, চিকিৎসার সুবিধা দেওয়ার নামে ওম প্রকাশের কাছ থেকে এমন কিছু নথিতে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়, যার মাধ্যমে তাঁর বহু বিঘা জমি এবং বেশ কিছু মূল্যবান বাণিজ্যিক সম্পত্তির মালিকানা অন্যের হাতে চলে যায়। পরে সেই সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়েছে বলেও জানা যায়। পুরো ঘটনায় কয়েকজন সরকারি কর্মীর সহযোগিতার অভিযোগও উঠেছে।কিছুদিন পরে ওম প্রকাশের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরিবারের সদস্যরা আয়ুষ্মান কার্ডের বিষয়ে জানতে চান। কিন্তু তখন অভিযুক্ত আত্মীয় নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এতে পরিবারের সন্দেহ আরও বাড়ে। এরপর ওম প্রকাশের স্ত্রী প্রমিলা মিশ্র তাঁদের ছেলেকে বিষয়টি জানান। তিনি মোরাদাবাদ থেকে বারাণসীতে এসে সরকারি দপ্তরে খোঁজ নেন।সরকারি নথি পরীক্ষা করে তিনি জানতে পারেন, তাঁর বাবার নামে থাকা সমস্ত মূল্যবান জমি ও সম্পত্তি ইতিমধ্যেই অন্যের নামে বিক্রি হয়ে গেছে। এই তথ্য সামনে আসতেই পরিবার আইনের দ্বারস্থ হয়। আদালতে অভিযোগ জানানো হলে বিচারক বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেন।আদালতের নির্দেশ মেনে রোহানিয়া থানার পুলিশ ১০ জনের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং সম্পত্তি দখলের অভিযোগে মামলা রুজু করেছে। অভিযুক্তদের মধ্যে বিজেপির বারাণসী জেলা সহ-সভাপতি সুরেশ কুমার সিংয়ের নাম থাকায় ঘটনাটি রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি প্রকল্পের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার বিষয়টি আবারও সামনে এসেছে। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক মানুষদের লক্ষ্য করে এ ধরনের প্রতারণা রুখতে আরও কঠোর নজরদারির দাবি উঠছে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন এই মামলার তদন্ত কোন দিকে এগোয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে সকলের।
আয়ুষ্মান ভারতের কার্ডের নামে কোটি টাকার জমি আত্মসাৎ! অভিযুক্ত বিজেপি নেতা সুরেশ কুমার সিং সহ আরো ১০ জন
Popular Categories


