মহেশতলার দক্ষিণ জগৎপাড়ায় স্বামীকে খুঁজতে গিয়ে খুন হলেন শিল্পী বিবি নামে এক গৃহবধূ। পেশায় নার্স, শিল্পী মাঝ রাতে প্রায় ২টো নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন স্বামী শেখ নাসির আলিকে খুঁজতে। কিছুক্ষণ পরেই বাড়ির কাছেই এক গলিতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার হয় দেহ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। প্রশ্ন উঠছে, বাড়ির এত কাছেই কীভাবে খুন হলেন তিনি, আর কেউ কিছু টের পেল না কেন? জানা গেছে, মহরম উপলক্ষে ওইদিন রাতে স্বামী বাড়ির কাছের বাটামোড়ে গিয়েছিলেন। রাত ২টো পর্যন্ত স্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয়। কিন্তু স্বামী ফিরতে দেরি করায় স্ত্রী রাস্তায় বেরিয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দারাই প্রথম দেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। মহেশতলা থানার পুলিশ খুনের মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে। মৃতার মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে, কথা বলা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
এলাকায় সিসি ক্যামেরা না থাকায় তদন্তে সমস্যা দেখা দিয়েছে এমনটাই জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গৃহবধূ নিজের বাড়ির সামনেই খুন হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী।


