মালদার কালিয়াচক-৩ ব্লকে গঙ্গার জলস্তর হু-হু করে বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। গঙ্গা পারের বহু গ্রাম জলের তলায় চলে গিয়েছে বলে জানা গিয়েছে।এমনকি বহু মানুষ নিজের ভিটে মাটি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। পঞ্চায়েত থেকে ত্রাণ বিলির কাজ চললেও জল বৃদ্ধির আতঙ্কে রয়েছেন আরও অনেক গ্রামবাসী। এদিকে পারদেওনাপুর ও শোভাপুর অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ।
বীরনগর-১, বাখরাবাদ, কৃষ্ণপুর ও লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অনেক গ্রাম বন্যার জলে প্লাবিত। বিশেষ করে বীরনগর-১ এর মুকুন্দটোলা, রাধানাথটোলা, মোন্নাটোলা, ভীমাগ্রাম, গুলজারটোলা, লালুটোলা, নাসিরটোলা গ্রামের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বর্তমানে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষ বীরনগর হাইস্কুল ও বীরনগর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের ফ্লাড শেল্টারে আশ্রয় নিয়েছেন।


