মালদার গাজোল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তা সংস্কারের আশায় চোখ রেখেছিলেন গ্রামবাসীরা। প্রায় দেড় বছর আগে, ২০২৪ সালের ১ মার্চ ‘পথশ্রী-৩’ প্রকল্পের অধীনে করকচ থেকে সাহিল মোড় হয়ে ২০ মাইল গ্রাম পর্যন্ত চার কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস হয়েছিল। জানা গিয়েছে, বরাদ্দ হয়েছিল প্রায় দুই কোটি দুই লক্ষ টাকা। ব্লক প্রশাসন ও শাসক দলের জনপ্রতিনিধিরা জমকালো অনুষ্ঠানে শিলান্যাস করেছিলেন। রাস্তার পাশে বোর্ডও বসানো হয় এমনই তথ্য সামনে আসে কিন্তু কাজ এগোয়নি এক চুলও।
মাত্র তিন দিন কাজ হওয়ার পরেই ঠিকাদার বেপাত্তা হয়ে যান বলে অভিযোগ গ্রামবাসীদের। তারপর থেকে রাস্তার হাল আগের থেকেও খারাপ হয়ে পড়েছে। বর্ষার সময় কাদা ও গর্তে চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এই নিয়ে বৃহস্পতিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এত টাকা বরাদ্দ হওয়ার পরও রাস্তার কোনও কাজ হয়নি।


