মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতে জমি বিবাদকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুল কাইয়ুমের নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মী এক দম্পতির বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে।
জানা গিয়েছে, প্রথমে স্বামীকে লোহার রড দিয়ে মারধর করা হয়। পরে স্ত্রী বাধা দিতে এলে তার পরনের কাপড় ছিঁড়ে দিয়ে অর্ধনগ্ন করে শ্লীলতাহানি ও মারধর করা হয়। ছুরি দিয়ে আঘাত করা হয় চোখের কাছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ও পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওই দম্পতি বাড়ি ফিরলে তাদের ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে তারা বর্তমানে বাড়িছাড়া। জানা গিয়েছে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন এই দম্পতি। তারা অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে তাদের দেড় বিঘা জমি দখল করে নিয়েছে তৃণমূল ঘনিষ্ঠ একাধিক আত্মীয়।
যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য আব্দুল কাইয়ুম সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ঘটনার সময় এলাকাতেই ছিলাম না। এটা রাজনৈতিক চক্রান্ত।” পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে।


