মালদার ইংরেজবাজার ব্লকের এক জীবিত বাসিন্দা, ৬২ বছর বয়সি মোস্তাকিম শেখের জীবনে নেমে এসেছে এক অবিশ্বাস্য বিপদ। তিনি অভিযোগ করেছেন, তাকে ‘মৃত’ দেখিয়ে তার আমবাগান বেআইনিভাবে বিক্রি করে দিয়েছে জমি মাফিয়ারা। এ ঘটনায় তৃণমূলের একজন পঞ্চায়েত প্রধান এবং এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।
১৯৭২ সালে কানাইপুর মৌজায় এই আমবাগানটি কেনেন মোস্তাকিম। সম্প্রতি কিছু লোক জমিটি কিনতে চাইলেও তিনি রাজি হননি। তারপরেই শুরু হয় চক্রান্ত। অভিযোগ, মানিকচকের চৌকি মির্দাতপুর পঞ্চায়েত প্রধান আনোয়ার হোসেন ও সদস্য তাজবুল শেখ জাল ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করে মোস্তাকিমকে মৃত দেখান। সেই নথির ভিত্তিতে জমিটি বিক্রি হয় রেজাউল নদাব নামে এক ব্যক্তির কাছে।
জানা গিয়েছে মোস্তাকিম জেলা প্রশাসন, ভূমি দপ্তর ও থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত প্রধান, সদস্য ও আরও ১০ জন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা পঞ্চায়েত প্রধান আনোয়ার হোসেন দাবি করেছেন, “আমার দপ্তর থেকে কোনো সার্টিফিকেট ইস্যু হয়নি।”


