উত্তরপ্রদেশের মিরাটে বাড়ি বিক্রি নিয়ে তৈরি হয়েছে বড়সড় উত্তেজনা। অভিযোগ উঠেছে, একটি মুসলিম পরিবারের কাছে বাড়ি বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। তাদের প্রশ্ন “মুসলিমদের কাছে বাড়ি বিক্রি করা হল কেন?” ঘটনাটি ঘটে মিরাটের থাপার নগর এলাকার। জানা গেছে, এলাকার বাসিন্দা নরেশ কালরা নিজের বাড়িটি বিক্রি করেন মুসলিম ব্যবসায়ী সাঈদ আহমেদের কাছে। বাড়িটি কেনার আগ্রহ দেখিয়েছিলেন স্থানীয় শিখ সম্প্রদায়ের কিছু সদস্যও। তবে সাঈদ বেশি দাম দেওয়ায় নরেশ শেষ পর্যন্ত তার কাছেই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন।
এই খবর প্রকাশ্যে আসতেই শুক্রবার কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা সদরবাজার থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা বাড়ি বিক্রি বাতিলের দাবি তোলে এবং থানার সামনে হনুমান চালিসা পাঠ করে প্রতিবাদ জানায়।
এই পরিস্থিতিতে পুলিশ সাঈদ আহমেদকে থানায় আসার জন্য ফোন করতে থাকে। পরিবারের অভিযোগ, এই পরিস্থিতির চাপে সাঈদ মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার থানার উদ্দেশে বেরোনোর সময় রাস্তায়ই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী আফসানা জানান, শেষ কয়েক দিন ধরে পুলিশ ও প্রতিবাদকারীদের চাপের কারণে তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন।
এদিকে হিন্দুত্ববাদী সংগঠনগুলির এই বাড়ি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে মুসলিম পরিবারটির ওপর ‘ভূমি জিহাদ’-এর অভিযোগ করে । তাদের বক্তব্য, মুসলিম কৌশল করে হিন্দু অধ্যুষিত এলাকায় বাড়ি কিনে জনসংখ্যার ভারসাম্য বদলে দিতে চাইছে। তবে অনেকেই মনে করছেন, এই অভিযোগের কোনও সঠিক ভিত্তি নেই এবং অযথা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে।


