পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের এক অভিনব উদ্যোগে অনুষ্ঠিত হল সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সেলিং শিবির ও মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। জেলা শাসক আয়েশা রানীর পরিকল্পনায় এই অনুষ্ঠান হয় বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে। অনুষ্ঠানে অষ্টম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বহু ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। আগে এক সভায় জেলা শাসক এই ধরনের কাউন্সেলিং শিবির করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ীই এই অনুষ্ঠান হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু আইএএস, আইপিএস ও ডব্লিউবিসিএস অফিসাররা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সায়ক দাস, এডিএম প্রতিক সিং, শ্বেতা অগ্রওয়াল, এসডিও বুদ্ধদেব পান, তীর্থঙ্কর বিশ্বাস, প্রতীক অগ্রয়াল, জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক আয়েশা রানী বলেন, “ছাত্রছাত্রীরা যেন সঠিক পথে এগোতে পারে, সেটাই আমাদের দায়িত্ব।” অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষ্ণেন্দু কুমার মন্ডল ও রাম সংকর মন্ডল। শেষে মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের জেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।


