ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাত বছর পর চীন সফরে গিয়েছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে। সেখানে তাঁর সঙ্গে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের সম্পর্ক বহুদিন ধরেই সীমান্ত সংঘর্ষের কারণে সংকটে ছিল, বিশেষত ২০২০ সালের লাদাখের গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘর্ষের পর। তবে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে।
২০২৩ সালে ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি-শি জিম্পিং আলোচনায় সীমান্তে উত্তেজনা কমানোর অঙ্গীকার করা হয়। ২০২৪ সালের অক্টোবর মাসে দুই দেশ সীমান্তে যৌথ টহল ব্যবস্থা চালু করার চুক্তি করে এবং পরে উচ্চপর্যায়ের বৈঠকগুলি নতুন আস্থা তৈরির ইঙ্গিত দেয়। ২০২৫ সালে উভয় পক্ষ ফের সরাসরি বিমান পরিষেবা শুরু ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রশাসনের শুল্ক-চাপের প্রেক্ষিতে বেইজিং প্রকাশ্যে নয়াদিল্লির পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছে। এই সফরে মোদি-শি বৈঠক থেকে সম্পর্ক স্বাভাবিক করার রোডম্যাপ বেরিয়ে আসবে বলেই কূটনৈতিক মহলের জল্পনা।


