ভারতের জাতীয় দলের তারকা পেসার মোহাম্মদ শামি আবারও আলোচনায় উঠে এসেছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে যোগ দিয়ে শামি জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল হাসিন জাহানকে বিয়ে করা। শামি বলেন, “আমি এটা স্বীকার করতে দ্বিধা করি না যে বিয়ে করাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। তবে আমি কাউকে দোষ দিচ্ছি না। ভাগ্যকে মেনে নিয়েছি।” শামি আরও জানান, এক সময় তিনি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে আত্মহত্যার কথাও ভেবেছিলেন। বিশেষ করে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় তার জীবনে নানান ঝড় আসে। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে চলতে থাকা বিবাহ বিচ্ছেদের মামলা ও সামাজিক মাধ্যমে কটাক্ষ তার জীবনকে কঠিন করে তোলে।
শামি বলেন, “একসময় মনে হয়েছিল জীবন শেষ করে দিই। পরে ভাবলাম, এই খেলাটাই (ক্রিকেট) আমাকে সব কিছু দিয়েছে। তাহলে কেন আমি হার মেনে যাব? আমি নিজেকে আবার গুছিয়ে নিই এবং খেলার দিকে মনোযোগ দিই। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আমাকে সঠিক পথে ফেরানোর জন্য।” এই সাক্ষাৎকারে শামি আরও বলেন, গত ছয়-সাত বছরে তার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, হয়তো একজন সন্ত্রাসীর বিরুদ্ধেও এত অভিযোগ আসে না। উল্লেখ্য, শামি ও হাসিন জাহানের বিচ্ছেদ মামলা এখনও আদালতে চলছে।


