মোহনপুরে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদারের কর্মসূচির ঠিক আগে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। শনিবার পরিবর্তন যাত্রায় যোগ দিতে যাওয়ার সময় বৈতা বাজারে জেলা সভাপতি শমিতকুমার মণ্ডলকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন দলেরই একাংশ কর্মী। তাঁদের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যারা দলের পাশে দাঁড়িয়েছিলেন, সেই পুরোনো কর্মীদের এবার গুরুত্ব দেওয়া হয়নি। বরং জেলা সভাপতি নিজের পছন্দের মানুষদের দিয়ে পুরো আয়োজন করেছেন।
বৈতা বাজার চত্বরে শমিতকুমার মণ্ডলের গাড়ি ঘিরে কয়েকজন ক্ষুব্ধ কর্মী স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। দলের অনুগামীরা দ্রুত সভাপতিকে গাড়িতে তোলেন এবং সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরে রামপুর পেট্রোল পাম্প থেকে মোহনপুর বাজার পর্যন্ত পদযাত্রা শুরু হলেও অভ্যন্তরীণ কোন্দলের ছায়া কাটেনি। মঞ্চে সুকান্ত মজুমদার বক্তব্য দেওয়ার সময়ও বিক্ষোভের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি আরও গরম হতে পারে ভেবে শমিতকুমার মণ্ডল মাঝপথে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। এটি প্রথম ঘটনা নয়। এর আগেও দিঘা এবং মেদিনীপুরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ ও হামলার অভিযোগ ওঠে।


