বিজেপি শাসিত মধ্যপ্রদেশ বিধানসভায় সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ৪ জুলাই পর্যন্ত মোট ৫৯,৩৬৫ শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে ৪৮,২৭৪ জনই কন্যা শিশু। বাকি ১১,০৯১ জন ছেলে। অর্থাৎ নিখোঁজ শিশুদের মধ্যে প্রায় ৮০ শতাংশই মেয়ে।এই পরিসংখ্যান সামনে আসার পর রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাক্তন মন্ত্রী সচিন যাদব বলেন, “এটা শুধু আইন-শৃঙ্খলার ব্যর্থতা নয়, বরং একটি মানবিক সংকট। সরকার কেন এত শিশু নিখোঁজ হওয়ার পরও তাদের খুঁজে বের করতে পারছে না?”

অন্যদিকে মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে, নিখোঁজ শিশুদের তুলনায় উদ্ধার হওয়া শিশুর সংখ্যা অনেক কম। বিশেষজ্ঞদের মতে, এত বেশি মেয়ে নিখোঁজ হওয়া মানবপাচার, বাল্যবিবাহ বা যৌন নিপীড়নের মতো অপরাধের ইঙ্গিত দেয়। বিভিন্ন শিশু সুরক্ষা সংস্থা জানিয়েছে, বছরের পর বছর এত শিশু নিখোঁজ হচ্ছে অথচ প্রশাসন কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। বিশেষজ্ঞদের দাবি, শিশুদের নিরাপত্তা নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং এই বিষয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন করাও জরুরি।


