২০১৬ সালে নিখোঁজ হন দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিব আহমেদ। এরপর কেটে গেছে প্রায় ৮ বছর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুসন্ধান চালিয়ে এখনো পর্যন্ত নাজিবের সন্ধান দিতে ব্যর্থ। অবশেষে সিবিআই এর তরফ থেকে তদন্তের একটি ক্লোজার রিপোর্ট পেশ করা হয়েছে।
২০১৬ সালের ১৫ ই অক্টোবর, বায়ো-টেকনোলজিতে এমএসসি প্রথম বর্ষের ছাত্র নাজিব আহমেদ নিজের হোস্টেল থেকেই নিখোঁজ হয়ে যান। ওই সময় অভিযোগ উঠেছিল, নিখোঁজ হওয়ার আগের দিন রাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পড়ুয়াদের সঙ্গে তার ঝগড়া হয়।
আদালতের নির্দেশে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জ্যোতি মহেশ্বরী বলেন, সিবিআই নিখোঁজ নাজিব আহমেদকে খুঁজে বের করার জন্য সার্বিক তদন্ত করে সমস্ত প্রচেষ্টায় করেছে। তবে আহমেদের অবস্থান সম্পর্কে কোন তথ্য সিবিআই এর হাতে আসলে অবিলম্বে মামলাটিকে পুনরায় খোলার নির্দেশ দিয়েছে আদালত। বিচারক আহমেদের মা ফাতিমা নাফিসের উত্থাপিত সিবিআইয়ের ত্রুটির অভিযোগও প্রত্যাখ্যান করেছেন।


