প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ এনআইওএস ডি.এল.এড প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা। সংগ্রাম মঞ্চের ডাকে সোমবার বিকাশ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি হয়। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে এবং আদালতের নির্দেশ মানা হয়নি। তাঁদের দাবি, ২০২২ সালের তালিকায় থাকা ১২৩৩ জনকে সময়মতো চাকরি দেওয়া হয়নি। দ্রুত নিয়োগ সম্পন্নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
সংগ্রাম মঞ্চ সংগঠনের অভিযোগ, আদালত তিন মাসের মধ্যে ১২৩৩ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাঁদের দাবি, যোগ্যতা নির্ধারণে মেধার বদলে কোন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোর্স করা হয়েছে, সেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়মিত টেট পরীক্ষা আয়োজন করা হয়নি বলে অভিযোগ। শূন্য পদ থাকা সত্ত্বেও কম নিয়োগের ফলে প্রার্থীদের মধ্যে অস্বাভাবিক প্রতিযোগিতা তৈরি হয়েছে। দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্নের দাবি তুলেছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত ১২৩৩ জন প্রার্থীকে চাকরি দিতে হবে। পাশাপাশি, চলমান নিয়োগ প্রক্রিয়ায় NIOS ডিএলএড প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি তোলা হয়েছে। তাদের অভিযোগ, বর্তমান ব্যবস্থার কারণে অনেক যোগ্য প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে প্রাথমিক শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা মনে করছেন। এ ছাড়া শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গৌতম পালের পদত্যাগের দাবিও উঠেছে। আজ বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়েছে, দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।


