বছর পেরোলেই আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গের শাসকসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। উত্তপ্ত বঙ্গীয় রাজনৈতিক আবহে যেন আরো বেশি করে ঘি ঢেলে দিল এনআরসি ইস্যু। দিনহাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠালো আসাম সরকার। জানা যাচ্ছে গত ৫০ বছরের বেশি সময় ধরেও দিনহাটায় বসবাস করেন উত্তম কুমার ব্রজবাসী। তার বাড়িতে আকস্মিক এনআরসি নোটিসে যাওয়াই ভয়ের আবহাওয়া ছড়িয়েছে এলাকা জুড়ে। বৈধ পরিচয় পত্র থাকা সত্ত্বেও বহিরাগত বলে আশঙ্কা করা হচ্ছে উত্তম কুমার ব্রজবাসীকে। বিরোধীরা এই ঘটনাকে তীব্র নিন্দা করছে এবং মনে করা হচ্ছে এই নিন্দনীয় ঘটনাটি গণতন্ত্রের উপর তীব্র আঘাত আনছে।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়, ঘটনার তীব্র নিন্দে করেছেন অফিসিয়াল ভেরিফাইড অ্যাকাউন্ট এক্স ( টুইটার) – এ। এর আগে সিএএ – এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কে মঞ্চে দাঁড়িয়ে, কা কা ছি ছি স্লোগানে প্রতিবাদ করতে দেখা গেছিল। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সিএএ- এনআরসি ঠেকানোর প্রতিশ্রুতি দিলেও তা ফলপ্রসু হয়নি। প্রতিনিয়ত সংখ্যালঘু এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষদের রাষ্ট্রের রক্ত চক্ষুর সম্মুখীন হতে হচ্ছে।


