ভাতের খোঁজে ভিন রাজ্যে গিয়ে বিপদের মুখে পড়ছেন বাংলার বহু পরিযায়ী শ্রমিক। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সম্মুখীন হতে হয় হুগলি জেলার গোঘাট এলাকার বাসিন্দা রাজা আলিকে। অভিযোগ, কাজ করতে গিয়ে ওড়িশায় ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন তিনি। প্রাণ বাঁচাতে সব ছেড়ে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন ওই শ্রমিক। জানা গিয়েছে, প্রায় আট মাস আগে জীবিকার সন্ধানে ওড়িশার কটকে পাথর শ্রমিকের কাজে যান রাজা আলি। সেখানে গিয়ে শুরু থেকেই নানা সমস্যার মুখে পড়তে হয় তাঁকে। বাংলায় কথা বলার কারণে বারবার হুমকি দেওয়া হয়। মুসলিম পরিচয়ের জন্য ‘জয় শ্রী রাম’ স্লোগান বলতেও চাপ দেওয়া হয় বলে অভিযোগ। তবুও পরিবারের কথা ভেবে রাজা ফিরে আসেননি রাজা। ভয় নিয়েই লুকিয়ে লুকিয়ে কাজ করতেন তিনি।
রাজা আলির অভিযোগ, গত বুধবার রাতে ১০ থেকে ১২ জনের একটি দল ভাড়া ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। জোর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়। মারধরের পাশাপাশি তাঁর কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। চরম আতঙ্কে সেই রাতেই বাসে করে বাংলায় ফিরে আসেন রাজা। রাজা আলি তাঁর পরিবারের একমাত্র রোজগেরে। তাঁর বাবা শেখ মইনুদ্দিন অসুস্থ। ছেলের উপর নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, “ছেলের উপার্জনেই সংসার চলত। সব টাকা ছিনিয়ে নিয়েছে। এখন কীভাবে চলবে বুঝতে পারছি না।”


